মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে ডুবে যাওয়া জাহাজের একটি অংশে ধাক্কা লাগলে ‘এমটি মনোয়ারা’ জাহাজটির পানির ট্যাংক ছিদ্র হয়ে যায়। তবে জাহাজটির তেলের ট্যাংকারগুলো এখনো সুরক্ষিত রয়েছে। এরই মধ্যে দুর্ঘটনাকবলিত জাহাজটি পর্যবেক্ষণ ও নাবিকদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে কোস্টগার্ডের জাহাজ শহিদ মুনসুর আলী।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত জাহাজে ১৫০০ টন ফার্নেস অয়েল রয়েছে। চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লাই লিমিটেডের মালিকানাধীন জাহাজটি তেল নিয়ে খুলনার দৌলতপুর যমুনা তেল ডিপোতে যাচ্ছিল। শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে জাহাজটি খুলনার দৌলতপুরের উদ্দেশ্যে রওনা হয়।
.png)
জাহাজের মালিক আবুল কালাম বলেন, ক্যাপ্টেন ফিরোজের সহযোগিতায় আমরা জাহাজটিকে খুলনার উদ্দেশ্যে পাঠাই। ঘটনাস্থলে ডুবে যাওয়া একটি জাহাজের মার্কিং না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। জাহাজের ধাক্কায় আমাদের পানি সংরক্ষণের ট্যাংকার ছিদ্র হয়েছে। তবে তেলের কোনো ট্যাংকারের ক্ষতি হয়নি। একটি খালি জাহাজে কিছু তেল অপসারণ করে দুর্ঘটনাকবলিত জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেয়ার ব্যবস্থা করব। এজন্য একটি খালি জাহাজ পাঠানো হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন বলেন, পানির নিচে থাকা দুর্ঘটনাকবলিত একটি জাহাজের ধাক্কায় তেলবাহী একটি জাহাজের একটি অংশ ফেটে গেছে। ওই জাহাজের তেলের ট্যাংকারগুলো এখনো স্বাভাবিক রয়েছে।