ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মদনে উৎকোচের বিনিময়ে প্রার্থিতা প্রত্যাহার জাপা প্রার্থীর

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১৯ ডিসেম্বর ২০২১
মদনে উৎকোচের বিনিময়ে প্রার্থিতা প্রত্যাহার জাপা প্রার্থীর
মো. আবুল হোসেন ভূইয়া- ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার মদনে আসন্ন ইউপি নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ৭ নম্বর নায়েকপুর ইউনিয়নে মো. আবুল হোসেন ভূইয়ার বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে প্রার্থিতা প্রত্যাহারের অভিযোগ উঠেছে।

রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন তিনি। এছাড়া উপজেলার চানগাঁও ও মাঘান ইউনিয়নের দুইজন চেয়ারম্যান প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র চেয়ারম্যান পদে ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জাপার একজনসহ ৩ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য দুইজন ও সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

Advertisement

মদন উপজেলা জাপার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শফিক বলেন, ৭ নম্বর নায়েকপুর ইউনিয়নের জাপার মনোনীত প্রার্থী মো. আবুল হোসেন ভূইয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছ থেকে উৎকোচ নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নেত্রকোণা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী জানান, জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে দুইজন ও সাধারণ সদস্য পদে তিনজন প্রত্যাহার করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১১ ডিসেম্বর, আপিল ১৩-১৪ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৬-১৭ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে। উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছেন ১ লাখ ৭ হাজার ৮৮৭ জন। এর মধ্যে পুরুষ ৫৪ হাজার ৭৯৩ জন, নারী ৫৩ হাজার ৯৩ জন ও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!