পরিত্যক্ত হাসপাতালে মিলল ঝুলন্ত লাশ
সিলেট নগরীর ধোপাদিঘীর উত্তরপাড়ে প্রাণিসম্পদ অধিদফতরের পরিত্যক্ত পশু হাসপাতালে ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশ প্রাণিসম্পদ অধিদফতরের কোয়ার্টারের সামনে পরিত্যক্ত হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করেছে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করলেও নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, পরিত্যক্ত ঘরের ভেতরে পাইপের সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৫০ বছর বয়সের ওই ব্যক্তি শনিবার রাতের কোনো এক সময়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর রিপোর্ট আসলে বলা যাবে এটা মৃত্যু নাকি আত্মহত্যা।
.png)
এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ সংগ্রহ করেছে সিআইডির টিম।
এ বিষয়ে পিবিআইয়ের পরিদর্শক গোলাম কিবরিয়া জানান, কোয়ার্টারে থাকা প্রাণিসম্পদ কর্মকর্তার স্ত্রী ৯৯৯-এ ফোন দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা জানান। এরপর পুলিশের বিভিন্ন টিম ঘটনাস্থলে আসে।