লঞ্চে অগ্নিকাণ্ড: মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ
ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুনে পুড়ে যাওয়া ২৩টি অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করতে স্বজনদের ডিএনএ নমুনা দিতে বলেছে বরগুনা জেলা প্রশাসন। রোববার সন্ধ্যা ৮টার দিকে বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করে এ প্রচারণা চালানো হয়।
মাইকিংয়ে বলা হয়, সোমবার বেলা ১১টা থেকে বরগুনা সার্কিট হাউস ময়দানে অজ্ঞাত লাশ শনাক্ত করতে ‘ঝালকাঠি, বরিশাল ও বরগুনার নিখোঁজদের স্বজনের ডিএনএ নমুনা গ্রহণ করা হবে।
এর আগে পোটকাখালী গণকবরে অজ্ঞাতপরিচয় ২৯ জনের মরদেহ দাফন করা হয়। এরমধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ২৩ জনকে শনাক্ত করতে স্বজনদের নমুনা দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করে জেলা প্রশাসন।
.png)
আরো পড়ুন: শ্বশুরবাড়ির লোকজনের যন্ত্রণায় মাথা ন্যাড়া করে গৃহবধূর অভিনব প্রতিবাদ
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালীর নেতৃত্বে একটি মেডিকেল টিম ও বরগুনা সিভিল সার্জন যৌথভাবে নমুনা সংগ্রহ করবেন।
বরগুনার ডিসি হাবিবুর রহমান বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর রাত আনুমানিক ৩টায় ঢাকা-বরগুনাগামী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ অগ্নিকাণ্ডে মৃত, নিখোঁজ ও লঞ্চটির যাত্রীদের বিষয়ে যেকোনো তথ্য জানতে বা অবহিত করতে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নম্বর চালু রাখা হয়েছে। এরই মধ্যে বেশকিছু স্বজনের তালিকা তৈরি করা হয়েছে। নিখোঁজদের স্বজনকে মাইকিং ও টেলিফোনের মাধ্যমে ডিএনএ নমুনা দেওয়ার কথা জানিয়ে দেয়া হয়েছে। অধিকাংশ স্বজন আজ আসবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
বরগুনা জেলা প্রশাসনের- কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: 01716700270, ফোন নম্বর: ০২৪৭৮৮৮৬২৪৮।