ইউরোপে যাওয়ার স্বপ্ন ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলার খশির আবদুল্লাহপুরের শাহজিপাড়ার আলা উদ্দিনের ছেলে আমিনুল ইসলামের। সেই স্বপ্ন পূরনে দালালের হাত ধরে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। লিবিয়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন আমিনুল। রোববার সেখানকার এক ব্যক্তির মাধ্যমে এ খবর পাওয়ার পর থেকে আমিনুলের বাড়িতে চলছে শোকের মাতম।
জানা গেছে, বছর খানেক আগে ইউরোপ যাওয়ার জন্য দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান আমিনুল ইসলাম। তিন মাস পূর্বে ইতালির উদ্দেশে রওনা হওয়ার সময় আটক হন লিবিয়া পুলিশের হাতে। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি।
.png)
আরো পড়ুন: সেলিব্রেটি না হয়েও তার রয়েছে ফ্যান ক্লাব
গত রোবার বিকেলে লিবিয়ায় অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের এক যুবক ফোনে জানান, আমিনুল জেল থেকে পালাতে চাইছিলেন। এ সময় পুলিশের গুলিতে তিনি মারা গেছেন। নিহতের পর আমিনুলকে সে দেশেই দাফন করা হয়েছে বলে জানান ঐ যুবক।
এদিকে, পরিবারের বড় ছেলের এমন করুণ মৃত্যুতে শোকের মাতম চলছে আমিনুলের পরিবারে। বারবার মূর্ছা যাচ্ছেন আমিনুলের মা সুফিয়া বেগম। সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাও জানা নেই আত্মীয়-স্বজনদের।
আমিনুলের চাচাতো ভাই জিয়াউর রহমান জানান, লিবিয়া থেকে ফোনে আমাদের জানানো হয়েছে আমিনুল পুলিশের গুলিতে মারা গেছে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি তার মৃত্যুর খবর পাইনি। আমরা চেষ্টা করছি লিবিয়াস্থ বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে নিশ্চিত হতে।
আরো পড়ুন: ছোট্ট শিশুকে একসঙ্গে পাঁচ কুকুরের আক্রমণ!
ভালো পারিশ্রমিকের আশায় কয়েক বছর ধরে পাচারকারীদের সহায়তায় লিবিয়া যাচ্ছেন বাংলাদেশিরা। সেখান থেকেই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছেন অনেক বাংলাদেশি। এরপরও ঝুঁকিপূর্ণ এ প্রবণতা বন্ধ হয়নি। এ ছাড়া প্রতারণার শিকার হয়ে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে আটক হচ্ছেন বহু বাংলাদেশি।