ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিয়ানমারের পারিবারিক দ্বন্দ্বে উখিয়ায় রোহিঙ্গা খুন, আটক ২

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ২১ জানুয়ারি ২০২২
মিয়ানমারের পারিবারিক দ্বন্দ্বে উখিয়ায় রোহিঙ্গা খুন, আটক ২
গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে মোহাম্মদ মনির ওরফে মৌলভী মনির নামে এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় আরো দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ঐ উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনা ঘটে।

নিহত মৌলভী মনির ঐ ক্যাম্পের মোহাম্মদ ইউনুসের ছেলে। আটককৃতরা হলো- একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ নুরুর ছেলে নুর মোহাম্মদ ও মো. মৃতুল হোসেনের ছেলে ইয়াছিন।

Advertisement

৮ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান বলেন, জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. কেফায়েতুল্লাহ এবং মোহাম্মদ মনির ওরফে মৌলভী মনির মিয়ানমারের একই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে মিয়ানমারে অবস্থানকালীন সময় থেকে পারিবারিক দ্বন্দ্ব ছিল। বাংলাদেশে একই ক্যাম্পে আশ্রয় নেয়ার পর থেকেও তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

তিনি আরো বলেন, বুধবার বিকেলে বাড়ির আঙ্গিনায় ঝাড়ু দেওয়া নিয়ে কেফায়েতুল্লাহর সঙ্গে মৌলভী মনিরের বড় ভাই পীর মোহাম্মদের মধ্যে ঝগড়া হয়। ঐ ঘটনার জেরে রাতে কেফায়েতুল্লাহসহ আরো কয়েকজন লোক মনিরের ঘরের পাশে এসে তার সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা মনিরের পেটে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। ঐ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত মনিরকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার শিহাব কায়সার বলেন, রাতে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!