ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ছেলের রডের আঘাতে প্রাণ গেল মায়ের 

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ২৩ জানুয়ারি ২০২২
সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, ছেলের রডের আঘাতে প্রাণ গেল মায়ের 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ছেলের রডের আঘাতে এক মায়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপির উত্তর মহাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আয়নব বিবি ঐ গ্রামের তজম্মুল আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে ঘাতক আবুল হাসনাতকে আটক করেছে পুলিশ।

সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এছাড়া নিহত আয়নব বিবির স্বামী তজম্মুল আলী মানসিক রোগী বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে ছেলে আবুল হাসনাতের দ্বন্দ্ব চলছিল। এক পর্যায়ে মা-বাবা তাদের দুই ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে একমাত্র মেয়ের নামে লিখে দেন। এ নিয়ে রোববার সকাল ৭টার দিকে আবুল হাসনাত ক্ষিপ্ত হয়ে রড দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মা আয়নব বিবি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা সদরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে আবুল হাসনাতকে আটক করে। এ সময় স্থানীয় দরবস্ত বাজার থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড উদ্ধার করেছে।

Advertisement

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ খুনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ হতে মামলা দেয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!