একযোগে ১১ স্থানে মাস্ক ক্যাম্পেইন
ময়মনসিংহ নগরীর ১১টি জনবহুল স্থানে সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন শুরু করেছে সিটি কর্পোরেশন (মসিক)। বুধবার দুপুরে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু। এ সময় জনসাধারণ এবং মার্কেটে মাস্ক বিতরণ করেন তিনি।
মেয়র বলেন, নিজেদের স্বার্থেই সরকারি নির্দেশনা মেনে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মাস্ক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আগামীতে এরকম ক্যাম্পেইন আরো পরিচালনা করা হবে।
তিনি আরো বলেন, করোনা সংক্রমণ রোধে সচেতনতামূলক কার্যক্রম ছাড়াও সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে মসিক। এছাড়া সিটি কর্পোরেশনের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের বিচরণ সীমিত করা হয়েছে। সংক্রমণ রোধে সরকারের সব নির্দেশনা বাস্তবায়নে আমরা প্রস্তুত।
এ সময় সিটি কর্পোরেশনের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
গাঙ্গিনারপাড় ছাড়াও চরপাড়া, মাসকান্দা বাসস্ট্যান্ড, ব্রিজ মোড়, শম্ভুগঞ্জ বাজার, টাউনহল মোড়, নতুন বাজার, রেল স্টেশন মোড়, জিরো পয়েন্ট, ত্রিশাল বাসস্ট্যান্ড এবং বাকৃবি শেষ মোড়ে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা এ ক্যাম্পেইনে মাস্ক বিতরণ করেন। এদিন ৩০ হাজার মাস্ক বিতরণ করা হয়।