ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যালয়ের বন্ধ কক্ষে প্রধান শিক্ষকের নিথর দেহ, পাশেই রহস্যময় চিরকুট

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ২৬ জানুয়ারি ২০২২
বিদ্যালয়ের বন্ধ কক্ষে প্রধান শিক্ষকের নিথর দেহ, পাশেই রহস্যময় চিরকুট
নিহত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম

চাঁদপুর শহরে নিজ বিদ্যালয়ের ভেতরেই বিষপানে আত্মহত্যা করেছেন এক প্রধান শিক্ষক। বুধবার বিকেলে বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

এর আগে, শহরের তালতলা এলাকার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, চিরকুট লিখে বিষপানে আত্মহত্যা করতে পারেন ওই প্রধান শিক্ষক। তবে তার মৃত্যুকে রহস্যজনক বলছেন বিদ্যালয়ের অন্য শিক্ষকরা।

Advertisement

সূত্র জানায়, বুধবার সকালে বিদ্যালয়েই ছিলেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। পরে বিকেলে পরিবারের লোকজন বিদ্যালয়ের তৃতীয় তলার একটি বন্ধ কক্ষে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঐ বিদ্যালয়ের শিক্ষক নাছির আলম বলেন, স্যারের সঙ্গে আমার আজও কথা হয়েছে। স্যার আমাকে একবার বিদ্যালয়েও আসতে বলেছিলেন। বিকেলে এসে স্যারের মৃত্যুর খবর শুনতে পাই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাবুদ্দিন বলেন, রফিকুল ইসলাম ২০২০ সালের ১ জানুয়ারি যোগদান করেন। তিনি খুব শান্তপ্রকৃতির মানুষ ছিলেন। কিভাবে কী হলো বোঝা যাচ্ছে না।

চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিষপানে আত্মহত্যা করেছেন। এছাড়া তিনি একটা চিরকুট লিখে গিয়েছেন, যা তদন্তের স্বার্থে আমরা উন্মুক্ত করছি না। বাকি কাজ তদন্ত করে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!