বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে দুর্ঘটনা: আরো এক ভাইয়ের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় বাবার জন্য শ্রাদ্ধ দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় আরো এক ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে পাঁচ ভাইয়ের মৃত্যু হলো।
এদিন ভোরে চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাট রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডুলাহাজারা মালুমঘাট রিংভং সগীরশাহ কাটা এলাকার ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে ৪৭ বছর বয়সী অনুপম চন্দ্র শীল, ৪৫ বছরের নিরুপম চন্দ্র শীল, ৩৫ বছরের দীপক চন্দ্র শীল, চম্পক চন্দ্র শীল ও সরণ শীল।
স্থানীয়রা জানায়, ১০ দিন আগে মারা যান সুরেশ চন্দ্র শীল। সুরেশের সাত ছেলে ও এক মেয়ে মঙ্গলবার ভোরে ধর্মীয় আচার তথা শ্রাদ্ধ করার জন্য স্থানীয় এক মন্দিরে যান। মালুমঘাট এলাকায় হেঁটে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তাদের চাপা দেয় একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই চার ভাই নিহত হন। আহত হন অপর তিন ভাই-বোন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আরো এক ভাই মারা যান।
.png)
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাফায়েত হোসেন জানান, কক্সবাজারমুখী নম্বরবিহীন একটি পিকআপ তাদের চাপা দিয়েছে। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে পালিয়েছেন চালক। গাড়িটিকে শনাক্ত করা যায়নি।