শিশু ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে নিজের আট বছর বয়সী মেয়েকে ধর্ষণ মামলায় ইমাম হোসেন মিসকিন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজবাড়ী সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
৪৫ বছর বয়সী ইমাম সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি একটি মামলায় সাত মাস জেল খেটে বের হন তিনি।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি রাতে নিজ মেয়েকে ধর্ষণ করেন ইমাম। পরে ৪ ফেব্রুয়ারি দুপুরে সোনাগাজী মডেল থানায় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ইমামের স্ত্রী। এ মামলায় ইমামের মামা চর দরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকেও আসামি করা হয়। মামলার পরপরই অভিযানে নামে পুলিশ। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী থেকে ইমামকে গ্রেফতার করা হয়।
.png)
ভুক্তভোগী শিশুটির মা জানান, ইমামের সঙ্গে ১৭ বছর আগে তার বিয়ে হয়। তাদের ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়িতে থাকেন। ২৭ জানুয়ারি রাতে তিনি রান্নাঘরে রুটি বানাচ্ছিলেন। এ সময় আট বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন তার স্বামী। রান্নাঘর থেকে এসে বিছানার ওপর মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় তড়িঘড়ি করে পালিয়ে যান ইমাম।
পরে ২৮ জানুয়ারি বিষয়টি ইমামের মামা আবুল কালাম আজাদকে জানান ভুক্তভোগী শিশুটির মা। কিন্তু ধর্ষণের বিষয়টি সমাধান না করে ৩০ জানুয়ারি আজাদের পরামর্শে দেনমোহরের ৭০ হাজার টাকা পরিশোধ করে তাকে তালাক দেন যুবদল নেতা ইমাম। এর আগে আরো দুটি বিয়ে করেন ইমাম। ঐ দুই সংসারে তিন ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।