ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাবেক স্ত্রীর ভাইকে হত্যার পর আত্মহত্যাচেষ্টা, শ্বশুরবাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২২
সাবেক স্ত্রীর ভাইকে হত্যার পর আত্মহত্যাচেষ্টা, শ্বশুরবাড়িতে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

বোনকে তালাক দিতে উসকে দেওয়ার ক্ষোভে সাবেক স্ত্রীর ভাইকে কুপিয়ে হত্যা করেছে মিজান নামের এক যুবক। এ সময় সাবেক স্ত্রীকে কুপিয়ে আহতও করা হয়েছে। এছাড়া সাবেক শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান ঐ যুবক।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে রংপুরের পীরগাছায় উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান রোকন (৪২) ঐ গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোকনের বোন সুমি খাতুনকে সাত বছর আগে ভালোবেসে বিয়ে করে একই ইউনিয়নের সুবিদ গ্রামের দুদু মিয়ার ছেলে মিজান। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু প্রথম থেকেই এ বিয়ে মেনে নিতে পারেনি সুমির ভাই রোকন। 

আরো পড়ুন>>> হঠাৎ শিলাবৃষ্টি, কৃষকের মাথায় হাত

একপর্যায়ে তিন বছর আগে মিজানকে তালাক দিতে বোনকে বাধ্য করা হয়। এরপরেও  সুমিকে ফিরিয়ে আনতে বারবার চেষ্টা চালান মিজান। এতে বাধা দেন সুমির ভাই রোকন। এ ঘটনায় রোকনের প্রতি ক্ষোভ সৃষ্টি হয় মিজানের।  

ঘটনার দিন সোমবার সন্ধ্যায় বোন সুমিকে নিয়ে রংপুর থেকে বাড়ি ফিরছিলেন রোকন। পথে ইছলার বাজার-মকরমপুর উচ্চ বিদ্যালয়ের মাঝামাঝি স্থানে পৌঁছালে তাদের পথরোধ করে মিজান। এ সময় তাকে ধারাল অস্ত্র দিয়ে তাদের উপর্যুপরি আঘাত করা হয়। 

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় রোকন ও সুমি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকনকে মৃত ঘোষণা করেন।

এদিকে রোকন ও সুমিকে কুপিয়ে মিজান তার সাবেক শ্বশুর বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির পাকা ভবন পুড়ে যায়। আগুন দেওয়ার পর নিজেও বিষপান করে মিজান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্বশুর বাড়ির পূর্বদিকের সড়কে পড়ে থাকা অবস্থায় মিজানকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদুজ্জামান তালুকদার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই রোকনের মৃত্যু হয়। আর বিষপান করায় মিজানের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!