ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজ দুই নৈশপ্রহরীর লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২২
নিখোঁজ দুই নৈশপ্রহরীর লাশ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
লাশ উদ্ধারের ঘটনাস্থল। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় নিখোঁজ দুই নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার সরলপুরের জব্বার আলীর ছেলে আব্দুল হান্নান ও শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের হাসু প্রমাণিকের ছেলে সামছুল হক। তারা বগুড়া বিসিক শিল্প নগরীর মেসার্স মাসুদ অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে ঐ কারখানার বর্জ্য অপসারণের ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মেসার্স মাসুদ অ্যান্ড সন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক সাজ্জাদুর রহমান জানান, হান্নান ও সামছুল বৃহস্পতিবার ভোর থেকে নিখোঁজ ছিলেন। ঐদিন হান্নানের মুঠোফোন থেকে তার কাছে ক্ষুদেবার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল নিখোঁজ দুইজনের খোঁজ পেতে হলে ৫ লাখ টাকা নিয়ে লালমনিরহাট জেলায় যেতে হবে।

Advertisement

তিনি আরো জানান, শুক্রবার সকালে আবারো হান্নানের মুঠোফোন থেকে ক্ষুদেবার্তা পাঠানো হয় এবং বলা হয় সামনে বড় বিপদ অপেক্ষা করছে। এ হুমকি পেয়ে কারখানার চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে বর্জ্য অপসারণের ট্যাংক থেকে হান্নান ও সামছুর লাশ পাওয়া যায়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, দুই নৈশপ্রহরীর লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!