কুষ্টিয়ায় বস্তাবন্দি পুঁতে রাখা লাশ উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির চরসাদিপুর গ্রামের ফিলিপনগর মাঠ থেকে রুহুল সরদার নামে এক ব্যক্তির বস্তাবন্দি পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জমির মালিক মাহাতাবের স্ত্রী মনোয়ারা জানান, বিকেল ৩ টার দিকে জমি চাষের জন্যে মাঠে গিয়ে দেখি কবরের আকৃতি একটি লাশ পড়ে আছে। পরে ইউপি সদস্যকে খবর দেই।
৬ নম্বর ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম আন্টু জানান, জমির মালিকের স্ত্রীর দেওয়া তথ্যমতে থানা পুলিশকে খবর দিলে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলা কাটা, হাত ও পা বাধা ছিলো।
.png)
নিহত রুহুল সরদারের মা জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে জবাই করে হত্যা করেছে।’
রুহুলের স্ত্রী জানান, আমার স্বামীকে ৪ ব্যক্তি ২০ ফেব্রুয়ারি রাতে ডেকে নিয়ে যায়। তারপর স্বামীর আর কোনো খোঁজ-খবর না পেয়ে মোবাইল নম্বরে ফোন দিলে বন্ধ পাই।’
দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব-পশ্চিম ফিলিপনগর মাঠে মৃত নজিব তাগাদগিরির ছেলে মাহাতাবের জমি থেকে বস্তাবন্দি পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী লাশের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত রুহুল চরসাদিপুর গ্রামের মুনতাজ সরদারের ছেলে। তদন্তকরে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।