ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে নিখোঁজের ৩ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০২২
সিলেটে নিখোঁজের ৩ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
নাজিম উদ্দিন- ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের তিনদিন পর নাজিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে জাফলংয়ের ডাউকি নদীর কাটারি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাজিম উদ্দিন উপজেলার পশ্চিম জাফলং ইউপির রাজনগর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। গত ১২ ফেব্রুয়ারি ভোরে তিনি জাফলংয়ের উদ্দেশে বের হলে আর বাড়ি ফেরেননি। এ বিষয়ে তার পরিবারের লোকজন গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জানা গেছে, বুধবার দুপুরে জাফলংয়ের ডাউকি নদীর কাটারি এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিবারের দাবি, নাজিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

Advertisement

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, নিহতের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন না থাকায় ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!