ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের কোলে নয়, নবজাতকের নিথর দেহ পড়ে আছে ব্রিজের নিচে

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ৫ মার্চ ২০২২
মায়ের কোলে নয়, নবজাতকের নিথর দেহ পড়ে আছে ব্রিজের নিচে
ধুনট থানা ফাইল ছবি

জন্মের পর মায়ের কোলে থাকার কথা থাকলেও এক নবজাতককে পাওয়া গেল ব্রিজের নিচে। প্রথমে অন্য কোন বস্তু মনে করলেও কাছাকাছি গিয়ে পথচারীরা আবিস্কার করেন ছেলে নবজাতককে। পলিথিনে মোড়ানো নবজাতকের দেহে তখন আর প্রাণ নেই। পড়ে আছে নিথর দেহ। ঘটনাটি বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীর একটি ব্রিজের নিচে।

শনিবার দুপুরে ওই বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

উপজেলার ধুনট-গোসাইবাড়ি সড়কের চরধুনট এলাকার ইছামতি নদীর ব্রিজের নিচে ওই বেওয়ারিশ নবজাতকের লাশ পাওয়া যায়।

Advertisement

জানা গেছে, উপজেলার ধুনট-গোসাইবাড়ি সড়কের চরধুনট এলাকার ইছামতি নদীর ব্রিজের ওপর দিয়ে চলাচলের সময় নিচে পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পান পথচারীরা। তারা বস্তুটির কাছে গিয়ে দেখেন পলিথিনে মোড়ানো নবজাতকের দেহ। পরে স্থানীয় ডাকার পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

শুক্রবার রাতের কোনো এক সময় পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতককে ব্রিজের নিচে ফেলে রাখা হয় বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা করছেন।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা জানান, নবজাতকের লাশ শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে নবজাতকের জন্ম হয়। পরে তাকে ব্রিজের নিচে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!