শিশুটির স্বজনরা জানান, ২৭ ফেব্রুয়ারি কালীগঞ্জ কুইন্স হাসপাতালে ওই দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর আবদুর রহিম নামে শিশুটি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে রোববার দুপুরে শিশুটির বাবা বাড়ি ফেরার জন্য মাইক্রোবাস আনতে যান।
এ সুযোগে বোরকা পরিহিত একজন নারী শিশুটির মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। ওই নারী দেখাশোনার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে তার মাকে সবকিছু গুছিয়ে নেয়ার কথা বলেন। এ সময় আসমা টয়লেটে গেলে শিশুটিকে নিয়ে চম্পট দেন ছদ্মবেশী ওই নারী। এ ঘটনার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনার পর সোমবার মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে শালিখা থানা পুলিশ।
.png)
আরো পড়ুন: নবীনগরে গভীর রাতে আগুনে পুড়ল ১২ দোকান
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে মাগুরার শতখালি গ্রামের কৃষক লিয়াকত হোসেনের মেয়ে আকলিমা যশোর যাওয়ার উদ্দেশে একটি বাসে ওঠেন। বাসটি মাগুরা-যশোর সড়কের সীমাখালি বাজারে পৌঁছলে অজ্ঞাত এক মহিলা আকলিমার কাছে শিশুটিকে রেখে গরম দুধ কেনার কথা বলে বাস থেকে নেমে যান। কিন্তু বেশ সময় পেরিয়ে গেলেও ওই মহিলা ফিরে না আসায় আকলিমা ওই বাজারে নেমে স্থানীয় বাস কাউন্টার এবং শালিখা থানা পুলিশকে খবর দেয়।
শালিখা থানার পরিদর্শক (তদন্ত) বিশারুল ইসলাম জানান, খবর পেয়ে শতখালি গ্রামের লিয়াকতের মেয়ে আকলিমার কাছ থেকে শিশুটি উদ্ধারের পর যশোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশু অপহরণের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।