ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলোচিত তিন হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ১৪ মার্চ ২০২২
আলোচিত তিন হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড
ফাইল ছবি

নওগাঁর বদলগাছীতে একসঙ্গে তিনজনকে হত্যার দায়ে ৯ জনের মৃত্যুদণ্ড ও একজনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মাহমুদুল ইসলাম এ রায় দেন। একই মামলার অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বদলগাছীর উজালপুর গ্রামের সাইদুল, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আমৃত্যু কারাদণ্ড হয়েছে আসামি হাসেম আলীর। তিনি বদলগাছীর উজালপুর গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

আরো পড়ুন: গাইনি চিকিৎসক ছুটিতে, দুই প্রসূতির সিজার করলেন সিভিল সার্জন

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমিজমা নিয়ে বদলগাছীর উজালপুর গ্রামের শহিদুল ইসলাম, তার ভাই আমজাদ হোসেন ও শ্যালক আব্দুল ওয়াদুদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষ হাসেম আলী, সাইদুল, আইজুল, হেলালসহ অন্যান্য আসামিদের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে জমির দখল নেয়াকে কেন্দ্র করে  প্রতিপক্ষের লোকজন ২০১৪ সালের ৬ জুন বিকেল ৩টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদের ওপর হামলা চালিয়ে তাদের হত্যা করে। এ ঘটনায় নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন বাদী হয়ে ২৪ জনের নামে বদলগাছী থানায় হত্যা মামলা করেন। 

অভিযুক্ত আসামিদের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়। মামলাটি তদন্ত করে ২০ জনের বিরুদ্ধে ২০২১ সালের ৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০২১ সালের ৭ ডিসেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় বাদী ও বিবাদীপক্ষের ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) মোজাহার আলী বলেন, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ বাদীপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় ২০ আসামির মধ্যে ৯ জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার বাদী নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন বলেন, এই রায়ে আমরা খুশি। অবিলম্বে আসামিদের সাজা কার্যকর হলে আবার বাবা, চাচা ও মামার আত্মা শান্তি পাবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!