আরোহী রাণী ও স্মৃতি রাণীর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া ইস্পাহানি চর এলাকায়। রোববার বাড়ি ফেরার পথে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ হন তারা।
সোমবার ভোর ৫টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার হলেও ভেতরে কোনো লাশ পাননি স্বজনরা। দুই বোন মিলে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
.png)
জানা গেছে, রোববার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আলামিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনায় ওই দুই বোন নিখোঁজ হন।
আরোহীর খালু রিপন বর্মণ বলেন, আমাদের বাড়ি থেকে রোববার দুপুরে যাওয়ার পর বিকেলে খবর নিয়ে দেখি তারা বাড়িতে পৌঁছায়নি। পরে খবর পাই শীতলক্ষ্যায় লঞ্চডুবি হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর ছবি দেখালে স্মৃতির খোঁজ পাই। তাকে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। আরোহী এখনো নিখোঁজ রয়েছে।
তিনি আরো বলেন, আমরা লাশ হলেও ফেরত চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যেন লাশটি উদ্ধার করা হয়। যেন তাদের মা-বাবাকে সান্ত্বনা দিতে পারি।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ শামীম ব্যাপারীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লঞ্চ ডুবে যাওয়ার কারণ, কারা দোষীসহ সব কিছু উল্লেখ করতে বলা হয়েছে প্রতিবেদনে।