জানা যায়, উপজেলার বাংলাবাজার ঘাটের অনন্যা মুদি স্টোরের মালিক লিটন মিয়া গত সোমবার (২১ মার্চ) দুপুরে তার দোকানের ফ্রিজের পাশে একটি বিরল প্রজাতির সাপ দেখতে পান। প্রথমে অজগর সাপের বাচ্চা ভেবে পাশের দোকানিকে ডেকে সাপটি ধরার চেষ্টা করেন। সাপটি শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকায় তারা দু’জন মিলে কৌশলে সাপটি ধরে একটি প্লাস্টিকের জারে আটকে ফেলেন।
এদিকে, সাপটি দেখতে অপরিচিত হওয়ায় তারা গুগলে সার্চ দিয়ে সাপটি সম্পর্কে জানার চেষ্টা করেন। গুগল থেকে তারা জানতে পারেন, সাপটি ভয়ংকর রাসেল ভাইপার। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি বন বিভাগকে জানান।
.png)
মুদি দোকানি লিটন মিয়া বলেন, প্রায় ছয় মাস আগে অল্প সময়ের জন্য সাপটিকে একবার দোকানের ভেতরে দেখেছিলাম। তারপর আর পাইনি। সোমবার আবারও সাপটিকে দোকানের ফ্রিজের পাশে দেখতে পাই। তখন পাশের দোকানের একজনকে ডেকে এনে দু’জনে মিলে সাপটিকে ধরে একটি প্লাস্টিকের জারে আটকে রাখি।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজামান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে বিষটি বন বিভাগকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবে।
বিশ্বব্যাপী কিলিং মেশিন খ্যাত রাসেল ভাইপার সাপ আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে, ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। কামড়ের পরপরই শরীরের আক্রান্ত স্থানে টিস্যু নষ্ট হয়ে পচন শুরু হয়। সময় মতো চিকিৎসা না নিলে মৃত্যু অবধারিত।