ইয়াবা ব্যবসাকে নিরাপদ রাখতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকায় বাসা ভাড়াও নিয়েছেন এই দুই যুবক। নিবিঘ্নে ইয়াবার ব্যবসাও করে যাচ্ছিলেন তারা। তবে শেষ রক্ষা হয়নি।
ধরা পড়ে যায় র্যাব-১৫ কক্সবাজারের জালে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক হাজার ৭৫০ ইয়াবা। শনিবার (২৬ মার্চ) রাতে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল। এ সময় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায় জড়িত রোহিঙ্গাসহ দুই যুবককে।
.png)
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া উপজেলার লম্বাশিয়া ক্যাম্প-১, ব্লক এইচ-২ এর মৃত ক্যালা সিংয়ের ছেলে মো. ওমর ফারুক ও চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত মো. ইদ্রিসের ছেলে মো. এমরান। এ ঘটনায় র্যাব-১৫ এর এক কর্মকর্তা বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করেছেন তাদের।
র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মিডিয়া মো. বিল্লাহ উদ্দিন জানান, খবর আসে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ইয়াবার ব্যবসা করে যাচ্ছেন রোহিঙ্গা যুবক মো. ওমর ফারুক ও স্থানীয় যুবক মো. এমরান। এর প্রেক্ষিতে গতকাল শনিবার রাতে র্যাব-১৫ এর একটি দল অভিযানে যায়। পরে ওই ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৫০ ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেছেন।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, রোহিঙ্গাসহ দুই যুবককে থানায় হস্তান্তর করেছে র্যাব-১৫ এর কক্সবাজার। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।