ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় ট্রেনে পাথর নিক্ষেপে চালক আহত, ২ কিশোর আটক

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১ এপ্রিল ২০২২
খুলনায় ট্রেনে পাথর নিক্ষেপে চালক আহত, ২ কিশোর আটক
আটককৃত দুই কিশোর। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় পাথর নিক্ষেপ করে ট্রেনের চালককে আহতের ঘটনায় দুই কিশোরকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তারা খানজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় মামলার প্রস্তুতি চলছে।

আটক দুইজন হলো- ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের মো. রাকিব হোসেনের ছেলে মো. শামীমুল হোসেন সিয়াম ও গোপালগঞ্জের কাজলিয়া গ্রামের কাজল শেখের ছেলে সাজ্জাদ শেখ।

শুক্রবার সকালে খুলনা থেকে বেনাপোলগ্রামী বেতনা এক্সপ্রেসের (বেনাপোল কমিউটার) চালককে পাথর নিক্ষেপ করে আহত করায় তাদের আটক করা হয়।

Advertisement

খুলনা জিআরপি থানার ওসি মোল্লা খবীর আহমেদ বলেন, বেতনা এক্সপ্রেস (বেনাপোল কমিউটার) সকাল পৌনে ৭টার দিকে খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। সকাল সোয়া ৭টার দিকে ট্রেনটি খানজাহান আলী থানাধীন যোগীপোল মাদরাসার সামনে পৌঁছালে কে বা কারা ট্রেনকে লক্ষ্য করে কয়েকটি পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে ট্রেনের চালক গাজী মারুফ আহত হন। পাথরের আঘাতে তার ঠোট ও মুখ ফেটে রক্ত বের হয়। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি। এরপর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনস্থালে পৌছে মাদরাসা ছাত্র সিয়াম ও সাজ্জাদকে আটক করে।

খুলনা জিআরপির পুলিশ সুপার রবিউল হাসান তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, ট্রেন একটি নিরাপদ ভ্রমণ ব্যবস্থা। যাত্রীদের কাছে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য মূলত পাথর নিক্ষেপের ঘটনা ঘটানো হয়। গত কয়েক মাস এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে একমাস যাবত এ ধরনের ঘটনা বেশি ঘটছে। এ ঘটনায় ওই দুই মাদরাসা ছাত্রদের বিরুদ্ধে রেল আইন অনুযায়ী মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!