ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় উজ্জ্বল হত্যায় শিল্পপতিসহ পাঁচজনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ৪ এপ্রিল ২০২২
খুলনায় উজ্জ্বল হত্যায় শিল্পপতিসহ পাঁচজনের যাবজ্জীবন
আদালতের আদেশ: প্রতীকী ছবি

খুলনার বহুল আলোচিত মডার্ন সি ফু‌ডের কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহাকে হত্যার দায়ে মা‌লি‌কের ছেলে শিল্পপতি মে‌হেদী হাসান স্টারলিংসহ পাঁচজ‌নকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত।

সাজাপ্রাপ্তরা হ‌লো, মে‌হেদী হাসান স্টারলিং, মো. আ‌রিফুল হক সজল, না‌হিদ রেজা রানা ওর‌ফে রানা ওর‌ফে লেজার রানা, মো. ডা‌লিম শিকদার ওর‌ফে আ‌মির শিকদার ডা‌লিম ও সজল মোল্লা।

সোমবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা ক‌রেন।

Advertisement

একইস‌ঙ্গে আসামি প্রত্যেক‌কে ১০ হাজার টাকা জ‌রিমানাসহ অনাদা‌য়ে আরো ছয় মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়। এ মামলার অন‌্য চার আসা‌মির বিরু‌দ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ কর‌তে না পারায় তা‌দের খালাস দি‌য়ে‌ছে আদালত।

উল্লেখ্য, ২০১২ সালের ৭ জুন সকাল পৌনে ১০টায় নগরীর সামছুর রহমান রোডে মেয়ের স্কুলের সামনে উজ্জ্বল কুমার সাহার ওপর প্রকাশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মৃতের ছোট ভাই সুমন কুমার সাহা বাদী হয়ে খুলনা থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের সময় উপস্থিত সব আসামিকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মামুনকে রিমান্ডে নিলে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের বর্ণনা ও মূল পরিকল্পনাকারীর নাম প্রকাশ করে তিনি। প্রথম তদন্ত কর্মকর্তা মডার্ন সি ফুডের ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিং এর নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করলে বাদী পক্ষ আদালতে নারাজি দেয়।

২০১৪ সালের ১৩ জানুয়ারি আদালতের নির্দেশে মামলাটি সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়। সিআইডি’র তদন্ত কর্মকর্তাও মেহেদী হাসান স্টারলিং এর নাম বাদ দিয়ে দ্বিতীয় দফায় আদালতে চার্জশিট দাখিল করেন।

২০২০ সালের ১৪ ডিসেম্বর খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের আদেশে মামলাটির তদন্তভার পিবিআই হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের ওপর ন্যস্ত হয়। তিনি মামলাটি স্ট্যাডি করেন। সেখানে তিনি দেখেন মডার্ন সি ফুডের ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিংয়ের অনৈতিক কার্যকলাপ ফাঁস করায় তার পরিকল্পনায় হত্যা করা হয় উজ্জ্বল কুমার সাহাকে। তিনি ২০২১ সালের ২ আগস্ট আদালতে মেহেদী হাসান স্টারলিংয়ের নাম উল্লেখসহ নয়জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন।

উজ্জ্বল কুমার সাহা হত্যা মামলার অন্যতম আসামি ও প্রতিষ্ঠানটির ডিরেক্টর শিল্পপতি মেহেদী হাসান স্টারলিং গত ২২ সেপ্টেম্বর (বুধবার) আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে কারাগারে পাঠায় আদালত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!