বাসায় ফেরার পথে পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবুল কাশেম নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪৫ বছর বয়সী আবুল কাশেম জামালপুর জেলার ইসলামপুর থানার পাতসী গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে নোমান ফেব্রিকস-২ এর সুপারভাইজার পদে কাজ করতেন।
নিহতের শ্যালক সোলয়ামান জানান, রাত ৮টায় কারখানা ছুটির পর বাসায় ফিরছিলেন তার বোনজামাই। টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে অপরিচিত কয়েকজন কাশেমের পথ আটকান। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সোলায়মান বলেন, কিছুদিন আগে কারখানার এক শ্রমিকের বিরুদ্ধে এজিএমের কাছে বিচার দেন আমার দুলাভাই। ওই ঘটনায় অভিযুক্ত শ্রমিককে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। হয়তো ওই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নাহার জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই ওই পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। তার বুকের ওপর, পেটের নিচের অংশ ও পিঠে গভীর জখমের চিহ্ন রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ ইলতুৎমিশ জানান, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।