ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ কোটি টাকার মাদকসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১১, ২৮ এপ্রিল ২০২২
৬ কোটি টাকার মাদকসহ দুই রোহিঙ্গা আটক
আইস ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক কেজি আইস ও ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

জব্দকৃত মাদকের মূল্য প্রায় ছয় কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফের জালিয়ার দ্বীপে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন- টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম ও সৈয়দ সালাম।

Advertisement

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার রাতে টেকনাফের দমদমিয়া বিওপির উত্তর-পূর্ব দিকে জালিয়ার দ্বীপ এলাকায় মাদকের একটি চালান আসতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল নাফ নদীর জালিয়ার দ্বীপের কেওড়া বাগানে অবস্থান নেয়।

রাত ১টার দিকে বিজিবি টহল দল জালিয়ার দ্বীপের পাশে নাফ নদীতে এক ব্যক্তিকে কাঠের নৌকায় জাল দিয়ে মাছ ধরতে দেখে। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে এক চোরাকারবারি নাফ নদী পার হয়ে ঐ জেলের কাছে একটি বস্তা হস্তান্তর করে। এ সময় আগে থেকেই অবস্থান নেয়া বিজিবি টহল দল চারিদিক থেকে স্পিডবোটের মাধ্যমে ঘেরাও করে দুই রোহিঙ্গাকে আটক করে।

পরে তাদের কাছ থেকে একটি বস্তা জব্দ করা হয়। ঐ বস্তা থেকে এক কেজি ৪০ গ্রাম আইস ও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!