ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ২২ এপ্রিল ২০২২
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আটককৃত রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াছ- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার ভোরে ঐ উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোহাম্মদ ইলিয়াছ একই রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকের সোনা মিয়া ওরফে সোনা আলীর ছেলে।

৮ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকের একটি ঘরে কয়েকজন লোক অপরাধ কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন লোক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াছকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত মোহাম্মদ ইলিয়াছ রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় অপরাধী চক্রের সদস্য। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে। তার দেওয়া তথ্যে ঐ ঘরের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!