ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ২৮ এপ্রিল ২০২২
উখিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ২
আটককৃত দুই চোরাচালানকারী

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার ভোরে ঐ উপজেলার রাজাপালং ইউনিয়নের শিলেরছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজ ইউনিয়নের বনগ্রাম এলাকার আব্দুল লতিফ মিয়ার ছেলে ফরহাদ হাসান আরিফ এবং মোছনা ইউনিয়নের আইকদিয়া এলাকার আলেক শেখের ছেলে মো. আবুল শেখ।

Advertisement

লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার বলেন, উখিয়ার সীমান্তবর্তী এলাকায় বহিরাগত ও অপরিচিত লোকজনের আনাগোনার পাশাপাশি অস্ত্র মজুদের গোপন তথ্য ছিল র‍্যাবের কাছে। এতে ঐ এলাকায় নজরদারি শুরু করে। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে শিলেরছড়া এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে লোকজনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন লোক পালানোর চেষ্টা চালায়। ঐ সময় ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এবং হেফাজতে থাকা একটি বস্তা থেকে দেশে তৈরি ৬টি বন্দুক, ২ রাউন্ড গুলি, ৩টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ অধিনায়ক বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে- তারা অস্ত্র ও গুলি সংগ্রহের উদ্দেশ্যে কক্সবাজারে অবস্থান করছিল। সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতা সৃষ্টির কাজে গোপালগঞ্জ, মাদারীপুর, বাগেরহাট, ফরিদপুর ও নড়াইলসহ বিভিন্ন জেলায় তারা অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত।

আটককৃতরা অস্ত্র চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!