পোলট্রি খামার থেকে যুব আন্দোলনের আহ্বায়কের লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুর পৌর যুব আন্দোলনের আহ্বায়ক মামুন তালুকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ এপ্রিল)সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার নিজ পোলট্রি খামার থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
মামুন তালুকদার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার ঈমান আলী তালুকদারের ছেলে এবং কৃষক শ্রমিক জনতা লীগের অঙ্গসংগঠন যুব আন্দোলনের সখীপুর পৌর শাখার আহ্বায়ক।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝড় শুরু হলে মামুন তার নিজের পোল্ট্রি খামারে যায়। এরপর আর রাতে মামুন বাড়িতে ফেরেননি। রাতে না ফেরা নিয়ে পরিবারের সদস্যরা ভেবেছেন মামুন রাতে খামারেই রাত-যাপন করছে। সকালে তার বাবা খামারে গিয়ে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
.png)
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শরীরের কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও লোমের গোড়া দিয়ে রক্ত ঝরেছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।