ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে কঠিন হুমকি প্রেমিকার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ১ মে ২০২২
২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে কঠিন হুমকি প্রেমিকার
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রেমিক বাড়িতে না আসলে আত্মহত্যা করবেন বলে আল্টিমেটাম দিয়েছেন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া এক বিশ্ববিদ্যালয় ছাত্রী।

এছাড়াও বিয়ে করে স্ত্রী মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়ার দাবি জানান তিনি। এই বিশ্ববিদ্যালয় ছাত্রীর বাড়ি জামালপুরের  সরিষাবাড়ি এলাকায়। তিনি রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই তরুণী বলেন, ‘বাবা মাকে ছেড়ে চলে এসেছি। ওর (মাহমুদুল) বাবা মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছি। তারা কেউ আসছেন না। চারদিন ধরে একা একা ওর বাড়ির সামনে থাকছি। বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমার এলাকায় বিষয়টি জানাজানি হয়ে গেছে।’

Advertisement

ওই তরুণী বলেন, দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। ও আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। গত তিন বছর ধরে আমাদের রিলেশন। আমি সর্বস্ব খুইয়ে এখন নিরুপায় হয়ে এখানে এসেছি। আর একদিন পর ঈদ। আমার তো আর বাড়িতে ফিরে যাওয়ারও সুযোগ নেই।’ 

তরুণী আরো বলেন, ‘গতকাল থেকে কয়েকটি অপরিচিত নম্বর থেকে কল আসছে। তারা আমাকে এখান থেকে চলে যেতে বলছে। না গেলে আমার সমস্যা হবে বলেও হুমকি দেয়া হচ্ছে। এখন আমার জীবনের নিরাপত্তা কে দিবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাহমুদুল (প্রেমিক) যদি এখানে এসে আমাকে বিয়ে না করে তাহলে আমি সুইসাইড করব। আর এর জন্য দায়ী থাকবে মাহমুদুল ও তার পরিবার।’

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুস সালাম বলেন, আমি সকালে ঘটনাস্থলে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলেছি। তাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। তার নিরাপত্তার জন্য স্থানীয় মহিলা ইউপি সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি আমরা, মেয়েটির বাবা ও চাচা বরগুনা আসছেন।

প্রসঙ্গত, জামালপুরের এই তরুণী ও বরগুনার মাহমুদুল হাসান দুজনেই রাজধানীর উত্তরায় থেকে লেখাপড়া করতেন। একই এলাকায় থাকার সুবাদে তাদের মধ্যে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের তিন বছর পর মাহমুদুলকে বিয়ের জন্য বললে নানা অজুহাতে তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন মাহমুদুল। এপ্রিলের শুরুতে মাহমুদুল গ্রামের বাড়ি বরগুনায় চলে আসেন। বাড়িতে আসার পর তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এখন মোবাইল ফোনটিও বন্ধ করে রাখেন। 

এরপর গত বৃহস্পতিবার সকালে বরগুনায় এসে চান্দখালি বাজার-সংলগ্ন মাহমুদুলের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয় ওই তরুণী। তিনি আসার পর তাকে দেখে মাহমুদুল ও তার পরিবার বাসায় তালা লাগিয়ে গা-ঢাকা দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!