দিঘিতে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল কর কমিশনারের
নোয়াখালীর চাটখিলে দিঘিতে সাঁতার কাটতে গিয়ে এক উপ-কর কমিশনারের মৃত্যু হয়েছে। মৃত নাম ওমর ফারুক মাসুম উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক মাসুম তিনি ৩১ তম বিসিএস এ যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার দুপুরের দিকে ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মীসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। ৬ জন বন্ধু এবং সহকর্মী ফিরে আসতে পারলেও, তিনি দিঘির মাঝখান থেকে সাঁতরিয়ে দিঘির ঘাটে ফিরে আসতে পারেননি। খবর পেয়ে, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকবাল হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে, স্থানীয়দের সহায়তায় মাসুমের সন্ধানে দিঘিতে তল্লাশি অভিযান চালায়। পরে বিকেল সোয়া ৫টার দিকে উপ-কর কমিশনারের লাশ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, কয়েক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দিঘি থেকে উপ-কর কমিশনারের লাশ উদ্ধার করে।
.png)