ঘটনাটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার। নিখোঁজ ওই কিশোরের নাম মুগ আলী ছোট।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে যমুনার চরবাটিয়া ডুবোচর থেকে তার লাশটি উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল।
.png)
এর আগে, গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই উপজেলার যমুনা নদীর কালিতলা ঘাটের ওপারে বাটির চড় অংশ থেকে নিখোঁজ হয় ওই কিশোর। ওই সময় যমুনায় অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাওয়া যায়নি।
১৩ বছর বয়সী মুগ আলী বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, শনিবার বিকেলে মুগ আলী তার বাবা-মার সঙ্গে যমুনা নদীতে বেড়াতে আসে। তারা কালিতলা ঘাট থেকে নৌকায় করে ওপারে বাটির চড়ে যায়। সেখানে পৌঁছার পর নদীতে গোসলে নামে মুগ আলী। এর কিছুক্ষণ পরই বাবা-মার চোখের সামনেই যমুনার স্রোতে তলিয়ে যায় সে।
ঐদিন সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু নিখোঁজ কিশোরের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা এসে রোববার থেকে নদীতে তল্লাসী চালিয়ে আজ মুগ আলীর লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফাইটার রবিউল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।