বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকার চেল্লাখালী নদীতে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে।
জানা গেছে, নিহত তোফাজ্জল হোসেন ঢাকার কড়াইল এলাকায় তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। তার সহপাঠী নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা গ্রামের সাজেদুল ইসলামের বড় ভাই আব্দুল মান্নানের ছেলের খৎনার দাওয়াত খেতে গতকাল মঙ্গলবার রাতের বাসে উঠে ঢাকা থেকে আসে তোফাজ্জল।
.png)
বুধবার বেলা ১১টার দিকে বন্ধুর বাড়ির কাছে থাকা চেল্লাখালী নদীতে গোসল করতে নামে দুই বন্ধু। এ সময় তারা সাঁতার কেটে নদীর এপার থেকে ওপারে যেতে চাইলে সাজেদুল পেরিয়ে গেলেও তোফাজ্জল নদীর মাঝপথে গিয়ে ডুবে যায়।
স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে নালিতাবাড়ী ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট এসে নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে। এসময় খবর পেয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামসহ অন্যরা ছুটে আসেন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছার কয়েক মিনিটের মধ্যেই তোফাজ্জলের মরদেহ উদ্ধার করি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।