ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিড়ি চাওয়া নিয়ে ঝগড়া, কুপিয়ে শ্রমিকের হাত বিচ্ছিন্ন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ১৩ মে ২০২২
বিড়ি চাওয়া নিয়ে ঝগড়া, কুপিয়ে শ্রমিকের হাত বিচ্ছিন্ন
ফাইল ছবি

টাঙ্গাইলের দেলদুয়ারে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে শ্রমিকের ধারালো কাচির কোপে ডান হাত বিচ্ছিন্ন হয়েছে সেলিম নামের অপর শ্রমিকের। গতকাল বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণি গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, বর্ণি গ্রামের শফিকুল ইসলাম নামের কৃষক তার জমির ধান কাটতে বিভিন্ন অঞ্চলের ৯ জন শ্রমিক নিয়োগ করেন। সকালে তারা জমিতে ধান কাটতে যান। ধান কাটা অবস্থায় অপর জমিতে কাজ করতে আসা বর্ণি গ্রামের মতিয়ার রহমানের ছেলে সেলিম নামের শ্রমিক শফিকুলের নিয়োগকৃত শ্রমিকদের নিকট বিড়ি চান। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে মাসুদ রানা ও আব্দুল লতিফ নামে শ্রমিক সেলিমের ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেন। খবরটি বর্ণি গ্রামে পৌঁছালে গ্রামের লোকজন এসে শ্রমিকদের মারধর শুরু করেন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ শ্রমিককে আটক করে। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। পুলিশ ৬ শ্রমিককে আটক করলেও বাকি ৩ শ্রমিক পালিয়ে যান।

Advertisement

দেলদুয়ার থানা ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, বিড়ি চাওয়া নিয়ে ঝগড়া হওয়ায় বর্ণি গ্রামের সেলিম নামের এক শ্রমিকের ওপর বিভিন্ন অঞ্চল থেকে কাজ করতে আসা শ্রমিকরা হামলা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৬ শ্রমিককে আটক করা হলেও বাকি ৩ শ্রমিক পালিয়ে যান। এ ঘটনায় সেলিম নামে শ্রমিকের ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়েছে। ভিকটিমের বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!