ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৩, ২৩ মে ২০২২
মুন্সীগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ
ফাইল ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এতে এখন পর্যন্ত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

গুলিবিদ্ধ ৩ জন হলেন- মুন্সীকান্দি গ্রামের মৃত আলি বেপারীর ছেলে সিরাজুল বেপারী, কংশপুরা গ্রামের মনজিল মোল্লার ছেলে হানিফা মোল্লা, একই গ্রামের বাবুল হোসেনের ছেলে কামাল হোসেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

অন্য আহতরা হলেন- পূর্ব মাকহাটি এলাকার সাজেদা বেগম, মতিন ঢালী, মো. হোসেন ও মো. রুবেল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরেই স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। উভয়পক্ষই গোলাগুলি চালিয়েছে। একইসঙ্গে সেখানকার ৬-৭টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭ জন আহত ব্যক্তি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে তিনজন গুলিবিদ্ধ ছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!