রাতে ভাইয়ের কাছ থেকে ৫০ টাকা নিলেন, সকালে হলেন লাশ
বরিশালের মুলাদীতে মনির হাওলাদার নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামাল মৃধা ও আলম হোসেন নামে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঐ উপজেলার কাজিরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মনির হাওলাদার ঐ এলাকার ছালাম হাওলাদারের ছেলে। আটককৃতরা একই এলাকার বাসিন্দা।
মনিরের ছোট ভাই পাভেল হাওলাদার জানান, তার ভাই দীর্ঘদিন একই এলাকার কামাল সরদারের গরুর খামারে কাজ করেছেন। কিন্তু তাকে বেতন দিতেন না কামাল। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। একাধিকবার টাকা চেয়েও পাননি মনির বরং তাকে জেল খাটানোর হুমকি দিতেন কামাল সরদার।
.png)
পাভেল আরো জানান, সোমবার রাতে মনির তার কাছ থেকে ৫০ টাকা চেয়ে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর দেখা হয়নি। মঙ্গলবার সকালে খবর পান মনিরের লাশ পাওয়া গেছে।
মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।