ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে লুকানো ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:২১, ২৯ মে ২০২২
প্রাইভেটকারে লুকানো ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রাইভেটকারে করে পাচারের সময় কিশোরগঞ্জে ৫৬ কেজি গাঁজাসহ মো. নূরুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

রোববার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড় এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪, সদর কোম্পানি ময়মনসিংহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. নূরুল হক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপির চাউতলি বাগান আশ্রায়ণ এলাকার ইসমাইল মিয়ার ছেলে। 

Advertisement

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ এবং এর আশেপাশের জেলাগুলোতে কিছু মাদক ব্যবসায়ী প্রাইভেট কারে করে বিভিন্ন সময় মাদকদ্রব্য পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে এ এলাকায় র‌্যাবের নজরদারির পাশাপাশি র‌্যাব টহল জোরদার করে।

এরই ধারাবাহিকতায় রোববার ভোর থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলখানার মোড় এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪, সদর কোম্পানি ময়মনসিংহ চেকপোস্ট স্থাপন করে। এই চেকপোস্ট পরিচালনা করার সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেট কারটি তল্লাসি করে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. নুরুল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ক্রয়-বিক্রয় এর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী মো. নুরুল হকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!