একই ওড়নায় ফাঁস দিলেন স্বামী-স্ত্রী
মেহেরপুরের গাংনীতে স্বামী সাগর আলী ও স্ত্রী চামেলী খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঐ উপজেলার ধানখোলা ইউনিয়নের দিগলকান্দি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাগর আলী মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের ইকতার আলীর ছেলে, চামেলী খাতুন গাংনী উপজেলার দিগলকান্দি গুচ্ছগ্রামের কালু শেখের মেয়ে।
পরিবার জানায়, এক বছর আগে বিয়ে হয় এ দম্পত্তির। তবে কী কারণে এ দম্পত্তি আত্মহত্যা করেছেন কেউ বলতে পারছে না।
.png)
সাগর আলীর বন্ধু মিঠু বলেন, সোমবার মধ্যরাত পর্যন্ত আমি ও সাগর স্থানীয় এক মেম্বার প্রার্থীর নির্বাচনী গণসংযোগে ছিলাম। গভীর রাতে বাড়ি ফেরার কারণে তার বাবা বকাবকি করেন। এ নিয়ে রাগারাগি করে রাতেই শ্বশুরবাড়ি চলে যায় সাগর। এরপর কী হয়েছে জানি না, আজ তার মৃত্যুসংবাদ পেলাম।
চামেলীর মা হুসনেয়ারা বানু বলেন, দুপুরে মেয়ে-জামাইয়ের জন্য দোকান থেকে খাবার আনতে যাই। ফিরে এসেই তাদের ঝুলন্ত লাশ দেখি। আমার মেয়ের একটা ওড়নাতেই দুইজনের লাশ ঝুলছিল।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।