ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নয়াপাড়া ক্যাম্প থেকে অপহৃত যুবক উদ্ধার, দুই রোহিঙ্গা গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ১২:০৯, ৯ জুন ২০২২
নয়াপাড়া ক্যাম্প থেকে অপহৃত যুবক উদ্ধার, দুই রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় অপহরণকারী দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউপির ঐ ক্যাম্পের পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মো. ওমর ফারুক টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ’র ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন- হ্নীলা ইউপির নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা নুর হোসেনের ছেলে নুর বশর ও খায়রুল আমিন।

Advertisement

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত রোববার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ’র ছেলে মো. ওমর ফারুক প্রেমের সম্পর্কের জেরে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে আসলে ক্যাম্পের কিছু রোহিঙ্গা সন্ত্রাসী তাকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

বিষয়টি তার স্বজনরা এপিবিএন’কে অবহিত করে। ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন এর একটি দল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে অপহৃত ওমর ফারুককে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুই রোহিঙ্গা সহোদরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!