ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১২ জুন ২০২২
রংপুরে কৃষক হত্যায় তিনজনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্তদের নেয়া হচ্ছে কারাগারে

রংপুরের বদরগঞ্জে কৃষক আশরাফুল ইসলাম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (১২ জুন) বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৪ জুলাই রংপুরের বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর ডাড়ারপাড় গ্রামের শামসুর রহমানের ছেলে কৃষক আশরাফুল ইসলামকে শত্রুতার জেরে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আশরাফুলের বাবা শামসুর রহমান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৯ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

Advertisement

মামলায় ২১ জন সাক্ষির সাক্ষ্য ও জেরা শেষে রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলমকে দোষি সাব্যস্ত করে বিচারক যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ৬ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার পর দণ্ডিত তিন আসামিকে পুলিশি পাহারায় প্রথমে আদালতের হাজতখানায়, পরে রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অ্যাডভোকেট নয়নুর রহমান টফি জানান, বাদী পক্ষ মামলার রায়ে সন্তোষ্টি প্রকাশ করেছেন।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী অ্যাডভোকেট জানান, তারা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!