প্রাক্তন স্ত্রীর ওড়নায় ঝুলছিল যুবকের লাশ
গাজীপুরের কালীগঞ্জে গলায় প্রাক্তন স্ত্রীর ওড়না পেঁচানো অবস্থায় নাদিম মোড়ল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাদিম মোড়ল ঐ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের খোরশেদ মোড়লের ছেলে।
রোববার দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই নাঈম মোড়ল জানান, প্রেমের সম্পর্কের জেরে বছর তিনেক আগে চাচাতো বোনকে বিয়ে করেন নাদিম। কিন্তু বনিবনা না হওয়ায় ৬ মাস আগে স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর ঢাকায় চলে যান নাদিম। ডিভোর্স হলেও প্রাক্তন স্ত্রীর সঙ্গে মোবাইলে যোগাযোগ ছিল নাদিমের।
তিনি আরো জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়িতে যান নাদিম মোড়ল। শনিবার রাতে বাড়ির উঠানে পায়চারি করছিলেন। ঐ সময় তার মা ঘুমানোর কথা বললে তিনি পরে ঘুমাবেন বলে জানান। এরপর রোববার সকালে কালীগঞ্জ-দোলান বাজার সড়কের পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে প্রাক্তন স্ত্রীর ওড়নায় ঝুলন্ত অবস্থায় নাদিমের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার এসআই মো. শামীম মিয়া জানান, ঝুলন্ত লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।