চট্টগ্রামে গাঁজা ডেলিভারি দিতেন ব্রাহ্মণবাড়িয়ার রুবেল
চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিল ও পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, শুক্রবার ও রোববার তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরের বন্দর থানা এলাকার হামিদুল হকের ছেলে মো. আরিফুল হক ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিজাজিয়ারা এলাকার মো. আজিজের ছেলে মো. রুবেল।
.png)
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নগরের কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান করছেন এক মাদক ব্যবসায়ী- এমন সংবাদে রোববার বিকেলে সেখানে অভিযান চালিয়ে আরিফুল হককে আটক করা হয়। ওই সময় তার কাঁধে ও হাতে থাকা দুটি ব্যাগের ভেতর থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে, শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় অভিযান চালিয়ে ট্রাভেল ব্যাগের ভেতর থাকা পাঁচ কেজি গাঁজাসহ মো. রুবেলকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছেন বলে আটকের পর জিজ্ঞাসাবাদে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।