ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাম বিভ্রাটে ছেড়ে দিয়েছিল পুলিশ, বিয়ের আসর থেকে ফের গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ৩ জুলাই ২০২২
নাম বিভ্রাটে ছেড়ে দিয়েছিল পুলিশ, বিয়ের আসর থেকে ফের গ্রেফতার
(ছবি: সংগৃহীত)

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর নাম বিভ্রাটে ছেড়ে দিয়েছিল পুলিশ। পরে নিশ্চিত হয়ে ফের যখন গ্রেফতার করা হলো, তখন তিনি ছিলেন নিজের বিয়ের আসরে।

গ্রেফতার বাবু তালুকদার ওরফে রাসেল (৩৫) জেলার মঠবাড়িয়া উপজেলার আমরবুনিয়া গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে।

মঠবাড়িয়া থানার এসআই কামরুল ইসলাম জানান, ২০১২ সালে সিলেটের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল রাসেলের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে তাকে আটক করে থানায় নেয়া হয়।

Advertisement

কিন্তু বৃহস্পতিবার রাতে স্বজনরা স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় ‘ভুল তথ্য দিয়ে’ রাসেলের নাম বাবু দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নেন বলে জানান এসআই কামরুল।

‘ওই ব্যক্তিকে রাসেল নামে গ্রেফতার করা হয়। কিন্তু ধানীসাফা ইউপি চেয়ারম্যান প্রত্যয়নপত্র দেন, ওই ব্যক্তি বাবু। নামে মিল না থাকায় তখন তাকে ছেড়ে দেওয়া হয়।’

ধানীসাফা ইউপি চেয়ারম্যান মো. হারুন তালুকদার প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যক্তির দুটি নাম, তা তার জানা ছিল না।

তুষখালীর ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার জানান, তার ভাগ্নে রাসেল সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। শুক্রবার তার বিয়ের দিন ধার্য থাকায় ‘মানবিক কারণে’ তিনি ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছিলেন।

‘কিন্তু পুলিশ জানায়, তার (রাসেল) বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পরে জানতে পারি ধানীসাফা ইউপি চেয়ারম্যান প্রত্যয়নপত্র দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এদিকে আসামিকে ছেড়ে দেওয়ার পর বিষয়টি যাচাই করে পুলিশ নিশ্চিত হয়, বাবু তালুকদারের নামই রাসেল। তারপর শুক্রবার বিকেলে উপজেলার বড়শৌলা গ্রামে বিয়ের আসর থেকে তাকে ফের গ্রেফতার করে পুলিশ।

মঠবাড়িয়া থানার ওসি মুহা নুরুল ইসলাম বাদল বলেন, চেয়ারম্যানের প্রত্যয়নের কারণে নাম বিভ্রাট হওয়ায় এ ঘটনা ঘটেছিল। তবে আসামি পুলিশের নজরদারিতে ছিল এবং পরে নিশ্চিত হয়ে তাকে ফের গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে বাবু ওরফে রাসেলকে মঠবাড়িয়ার হাকিম আদাতলে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!