রোববার ভোর ৪টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাতিয়া উপজেলার আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল, একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন এবং অটোরিকশাচালক মোয়াজ্জেম হোসেন হৃদয় বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে।
.png)
জানা যায়, নিহত সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতেন। শনিবার গভীর রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে মো. সোহেল, আমজাদ হোসেন এবং মো. ফোরকান উদ্দিন মোয়াজ্জেম হোসেন হৃদয়ের অটোরিকশায় ওঠেন। রোববার ভোর ৪টায় অটোরিকশাটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজারে পৌঁছালে বিপরীত দিক আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মোয়াজ্জেম হোসেন হৃদয় ও মো. সোহেল নিহত হন। আহত আমজাদ হোসেন ও মো. ফোরকান উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃদুল কান্তি কুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।