হাতিয়ায় মশার কয়েলের আগুনে পুড়ল ৫ দোকান
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াতে মশার কয়েলের আগুনে ৫টি দোকান পুড়ে গেছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জয়নাল মেম্বার বাজারে এ আগুন লাগে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.ইব্রাহীম। তিনি বলেন, প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল থেকে এ আগুন লাগে।
স্থানীয়র বাসিন্দা জিল্লুর রহমান জানান, রাত ৩টার দিকে একটি মুদি দোকানে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এর লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে দোকানগুলোও পুড়ে যায়। এতে জলিল স্টোর, আজহার স্টোর, রতন স্টোর, আমজাদ স্টোর,তাহসান ফার্মেসি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে তাহসান ফার্মেসির মালিক ডা.ইউসুফ বলেন, আমার দীর্ঘ দিনের প্রতিষ্ঠান। প্রায় ১৮ লাখ টাকার মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার উপরে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।
ফায়ার ফাইটার মো.ইব্রাহীম আরো বলেন, গভীর রাত হওয়ায় অনেকে ঘুমিয়ে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ১৮ লাখ টাকার মালামাল নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।