ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় দোকানি নিহত, আটক ১

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ১৩ জুলাই ২০২২
নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় দোকানি নিহত, আটক ১
আয়াতুল ইসলাম- ফাইল ফটো

নেত্রকোণায় মনোহারী দোকানে কেনাকাটা করতে গিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের হামলায় এক মনোহারী দোকানি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দোকানি আয়াতুল ইসলাম কুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন ফকিরকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার সাকের আহমেদের সঙ্গে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা আক্তার বাদী হয়ে রিপন ফকির ও তার ছেলে মাহিকে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। প্রধান অভিযুক্ত রিপন ফকিরকে আটক করা হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আয়াতুল নিজ এলাকায় একটি মনোহারী দোকান চালাতেন। মঙ্গলবার রাত নয়টার দিকে তার দোকানে একই গ্রামের রিপন ফকিরের ছেলে মাহি কেনাকাটা করতে যায়। এ সময় ৩০ টাকার কেনাকাটা করে আয়াতুলকে ১০০ টাকার নোট দিয়ে বাকি ৭০ টাকা ফেরত চায় মাহি। কিন্তু দোকানদার আয়াতুল টাকা পায়নি বললে দুজনের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মাহি বাড়ি ফিরে গিয়ে তার বাবা রিপন ফকিরকে সঙ্গে নিয়ে আসে। এ সময় আয়াতুলের দোকানে হামলা ও তাকে মারপিট করা হয়। এতে গুরুতর আহত হন আয়াতুল। এ সময় স্থানীয়রা আয়াতুলকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!