ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ২৪ জুলাই ২০২২
শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৪
দুর্ঘটনার শিকার বাস- ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এ দুর্ঘটনায় আরো ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ। তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় শ্রমিক বহনকারী বাসে ধাক্কা দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান। তিনি জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যাও অনেক। নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে ২০ হাজার টাকা অনুদান এবং আহতদের চিকিৎসা ব্যয় বাবদ ১০ হাজার টাকা দেওয়া হবে।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।

গফরগাঁও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মরদেহগুলো জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের কাছে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!