ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিরকে নদীর তীরে টেনে আনলো গরু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২৪ জুলাই ২০২২
কুমিরকে নদীর তীরে টেনে আনলো গরু
ফাইল ছবি

নদীতে পানি খেতে নামে একটি গরু। পানি খেতে নামতেই গরুটির দুই পা কামড়ে ধরে একটি বড় কুমির। নিজেকে বাঁচাতে গরুটিও কুমিরটিকে তীরের দিকে টানতে থাকে। শেষ পর্যন্ত গরুর টানে তীরে উঠে যায় কুমিরটি।

রোববার বিকেলে এমনই ঘটনা ঘটেছে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার চাঁদপাই ফরেস্ট লঞ্চঘাট সংলগ্ন শ্যালা নদীতে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের বোটম্যান মো. মিজানুর রহমান জানান, বিকেল ৫টার দিকে শ্যালা নদীর তীরে পানি খেতে নামে একটি গাভি। এ সময় গরুটির পেছনের ডান রান কামড়ে ধরে টানতে থাকে একটি বড় কুমির। গরুটিও নিজেকে ছাড়িয়ে নিতে ওপরের দিকে উঠতে থাকে। পরে গরুর টানে কুমিরও তীরের অর্ধেক পর্যন্ত উঠে যায়। কুমির ও গরুর ধস্তাধস্তির একপর্যায়ে লঞ্চঘাটের লোকজন আসেন। পরে তাদের তাড়ায় গরুটিকে ছেড়ে নদীতে চলে যায় কুমিরটি।

Advertisement

বোটম্যান মিজানুর রহমান বলেন, খবর পেয়ে গরুটি উদ্ধার করেন স্টেশনের বোটম্যান সুলতান মাহমুদ ও বনপ্রহরী অসিম কুমার। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মালিকের কাছে হস্তান্তর করা হয়। চিকিৎসার জন্য গরুটিকে পশু হাসপাতালে নেয়া হয়েছে।

গরুটির মালিক জয়মনি এলাকার নাগেরপুকুর পাড়ের শ্যামল মজুমদার বলেন, গাভিটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কুমিরের আক্রমণে গরুর পেছনের রান ও দুই পাসহ শিরা মারাত্মক জখম হয়েছে। রান ও পায়ের কয়েক জায়গার মাংস কামড়ে থেঁতলে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!