ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাতির কোলে দাদা, ‘মনে হয় জীবনের শেষ ভোট দিলাম’

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ২৭ জুলাই ২০২২
নাতির কোলে দাদা, ‘মনে হয় জীবনের শেষ ভোট দিলাম’
নাতি রবিউল মোল্লার কোলে দাদা নওসের মোল্লা

বয়সের ভারে ন্যুজ নওসের মোল্লা (৮০)। কোনোরকমে দাঁড়াতে বসতে পারলেও হাঁটতে হয় অন্যের সহায়তায়। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হন না বেশ কয়েক বছর।

তবে তিনি ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দাদার এমন আবদারে তাকে কোলে করে ভোটকেন্দ্রে হাজির হন নাতি রবিউল মোল্লা।

নওসের মোল্লা ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নাতির কোলে চড়ে ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট দিতে ডুমাইন শহিদ মফিজ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন তিনি। 

নওসের মোল্লা জানান, বয়স হয়েছে। আমি কোনোদিন ভোট দেওয়া থেকে বিরত থাকিনি। আবার শুনলাম ডিজিটাল ভোট। তাই ভোট দিতে নাতির কাছে বায়না ধরলাম। কখন বাঁচি মরি বলা তো যায় না। মনে হয়- জীবনের শেষ ভোট দিয়ে গেলাম।

নাতি রবিউল মোল্লা বলেন, ইউনিয়ন পরিষদের ভোট। দাদা ভোটের খবর শুনে ভোট দিতে খুব আগ্রহ প্রকাশ করেন। বারবার ভোট দিতে যাওয়ার অনুরোধ জানান। প্রথমে তাকে নিরুৎসাহিত করলেও কেন্দ্রে যেতে খুব জোরাজুরি করেন। পরে বাধ্য হয়ে দাদাকে খুশি রাখতে ভোট দিতে নিয়ে আসছি। তাকে ভোটকেন্দ্রে আনতে পেরে আমারও ভালো লাগছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফরিদপুর ভোট
লিংক সফলভাবে কপি হয়েছে!