ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় নৌকা তিন টুকরো, ২ জেলে নিখোঁজ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ২৭ জুলাই ২০২২
বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় নৌকা তিন টুকরো, ২ জেলে নিখোঁজ
ফাইল ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে এক জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন। 

ডুবে যাওয়া ওই নৌকায় ৬ জেলের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ কাজ করছে।

বুধবার বিকেলে বার আউলিয়া নৌ-পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ভোররাত ৩টায় বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন- আনোয়ারার উত্তর পরুয়াপাড়ার মৃত সৈয়দ নুরের পুত্র মোহাম্মদ হারুন মাঝি (৪৫) ও পেকুয়া উপজেলার উজানটিয়া গ্রামের আবু সৈয়দের পুত্র আবদুর রশিদ (৪২)।

Advertisement

প্রত্যক্ষদর্শী জেলে পেকুয়ার মো. মাহবুব জানান, মঙ্গলবার রাতে মাছ ধরে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম। ভোর রাতে একটি জাহাজ আমাদের নৌকাকে ধাক্কা দিলে তিন টুকরো হয়ে যায় আমাদের নৌকা। আমরা ভাসতে থাকি সাগরে। ওই সময় পার্শ্ববর্তী একটি মাছ ধরার নৌকা ৪ জনকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। বাকি দুইজনকে এখনও পাওয়া যায়নি।

নিখোঁজ নৌকার মালিক সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ হারুন ও রশিদসহ ৬ জন জেলে গত সোমবার সকালে পরুয়াপাড়া ছাত্তার মাঝির ঘাট থেকে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপরের দিন মঙ্গলবার দিবাগত ভোররাতে বঙ্গোপসাগরে বরিশালগামী একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় তিন টুকরো হয়ে যায় মাছ ধরার নৌকা এবং সাগরে ভাসতে থাকেন জেলেরা। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আমার বাড়িতে রয়েছেন। নিখোঁজদের সন্ধানে আমাদের তিনটি নৌকা কাজ করছে। 

বার আউলিয়া নৌ-পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন বলেন, নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ কাজ করছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!