ময়নাতদন্ত: আত্মহত্যা করেছিলেন নার্স রিমা
কিশোরগঞ্জের ভৈরবের একটি প্রাইভেট হাসপাতালে রিমা প্রামাণিক নামে এক নার্স আত্মহত্যা করেছিলেন বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার সকালে ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমা নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে। তিনি ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক সেন্টার নামের বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। রিমা ঐ হাসপাতালের পঞ্চম তলায় স্টাফ কোয়ার্টারে থাকতেন।
.png)
গত ১১ জুলাই ঐ হাসপাতালের একটি কেবিন থেকে রিমার মরদেহ উদ্ধার করা হয়। ঐদিন ভোর ৪টার দিকে তিনি আত্মহত্যা করেছিলেন বলে ময়নাতদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে।
জানা যায়, রিমা গত দুই বছর ধরে ভৈরবের ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক সেন্টারে নার্স হিসেবে কাজ করে আসছিলেন। তিনি গত ৬ জুলাই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে যান। এরপর ৯ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে বাড়ি থেকে হাসপাতালে ফিরে আসেন রিমা। ১১ জুলাই সকালে হাসপাতালের বিছানায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
রিমার মরদেহ উদ্ধারের ঘটনায় তার বাবা ঐ হাসপাতালের এমডি হানিফুর রহমান সুমন এবং নার্স লিজাসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করেন। হানিফুর পুলিশের হাতে গ্রেফতার হয়ে কিশোরগঞ্জ কারাগারে রয়েছেন। তবে লিজা পলাতক রয়েছেন।
ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আত্মহত্যা করেছেন বলে হত্যা মামলাটি পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাবে- এমন নয়। তিনি কেন আত্মহত্যা করলেন, আত্মহত্যার পেছনে কারো প্ররোচনা ছিল কিনা এসব বিষয় তদন্ত করা হবে।